পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের জমভিটা গ্রামে ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) অধীনে বরেন্দ্র সেচ পাম্পের ওপরে থাকা ট্রান্সফরমারে বিকট শব্দ হয়। ওই এলাকার লোকজন সেচ পাম্পের কাছাকাছি বিষয়টি দেখতে যান। এসময় বিদ্যুতের শক্ড খেয়ে অন্যরা ফিরে আসে। এসময় সেখানে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে হৃদয় নামে ওই শিশুটি আটকে যায়।
স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে লাইন বন্ধ হলে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমানকে একধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি