পঞ্চগড়ে শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা
ঘনিয়ে আসছে ঈদ। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ঈদ ঘনিয়ে আসায় পঞ্চগড়ে দোকান-পাট আর শপিং মলে বাড়ছে ক্রেতাদের ভিড়। ভিড় বেড়েছে ফুটপাথের অস্থায়ী দোকানগুলোতেও। শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। তবে শুরুর মত শেষের দিকে এসেও দোকানিদের বিরুদ্ধে বেশি দাম হাকানোর দাবি ক্রেতাদের। তবে পছন্দের জিনিস কিনতে দাম বেশি একটা ফ্যাক্টর হচ্ছে না জানালেন বিক্রেতারা।
শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের কাপড় মার্কেট ও বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা গেছে, সব দোকানেই ক্রেতাদের চাপ রয়েছে। তবে এখন কাপড়ের দোকানে ক্রেতাদের চাপ অনেক কমে গেছে। কারণ টেইলার্সগুলো এখন আর নতুন কাপড়ের অর্ডার নিচ্ছে না। চাপ বেড়েছে রেডিমেট গার্মেন্টস, জুতা, কসমেটিক্সসহ অন্যান্য দোকানে। জেলা শহরের সেন্ট্রাল প্লাজা ও এইচকে প্লাজায় রয়েছে ক্রেতাদের প্রচন্ড ভিড়। পছন্দের কাপড়ের সাথে ম্যাচিং করে জুতা, নেইল পালিশসহ অন্যান্য কসমেটিকস কিনতে বিভিন্ন বয়সের নারীরা ভিড় করছেন এই মার্কেটে। ঈদকে ঘিরে নতুন ভাবে গড়ে তোলা কয়েকটি বিপনী বিতানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের জুতার দোকানে এখন সবচেয়ে ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সেলসম্যানরা।
সেন্ট্রাল প্লাজায় একটি জুতার দোকানে কথা হয় শিশু তানিমার সাথে। সে জানায়, সুন্দর দেখে মনের মত একটা ড্রেস কিনেছি। এখন ড্রেসের সাথে ম্যাচিং করে ওই রঙের জুতা খুঁজছি। এখনও খুঁজে পাইনি। এরপর ওই রঙের নেইল পাশি আর লিপস্টিপ কিনব।
এইচকে প্লাজার রাইসা থ্রি পিছ এন্ড ওড়না হাউজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম জানান, রোজা শুরুর দশ দিন ক্রেতাদের উপস্থিতি ছিল খুব কম। তবে পরের দশ দিন বেচাকেনা অনেক ভাল হয়েছে। আমাদের থ্রি পিছের দোকানে শেষের দিকে বিক্রি কমে যায়। কারণ টেইলার্সগুলো কাজের চাপে নতুন করে আর অর্ডার নেয় না।

পঞ্চগড় প্রতিনিধি