স্বামী হত্যার দায়ে খাদিজার ১০ বছরের কারাদণ্ড
বগুড়ার দুপচাঁচিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্তের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত খাদিজা বেগম (৪৩) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোচপুকুর গ্রামের হাফিজার রহমানের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের মেঝেতে থাকা বঁটি দিয়ে স্বামী শহিদুল ইসলামকে আঘাত করেন খাদিজা। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সোয়া ৮টার দিকে শহিদুল মারা যান। ওই ঘটনায় গ্রামবাসী খাদিজাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শহিদুল ইসলামের মা সাইজান বিবি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে নিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। পরে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

অনলাইন ডেস্ক