ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০
ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসটি উল্টে যায় ।
নিহতরা হলেন- ধামরাইয়ের মধুডাঙ্গা গ্রামের বাছের মোল্লার মেয়ে আকলিমা (৩৫) ও একই গ্রামের আমির মোল্লার মেয়ে সুরাইয়া (৩০)। প্রাথমিকভাবে নিহত অপরজনের নাম ঠিকানা পাওয়া যায় নি।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, সকালে প্রতীক সিরামিক কারখানার এই বাসটি শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। পথে ধামরাইয়ের খাগুরতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই দুইজন মারা যায়। মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে এখন পর্যন্ত তার নাম ঠিকানা পাওয়া যায় নি। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক