পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ: তদন্ত কমিটি গঠন
গাজীপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ী মো. রবিউলের (৪০) মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-কমিশনার আবু তোরাব বলেন, গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকাল ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সেসময় তারা ৩টি মোটরসাইকেলে আগুন দেয় এবং পুলিশবক্স ভাঙচুর করে।
এলাকাবাসী জানান, গত শনিবার রাতে অনলাইন জুয়ার ব্যবসা করে- এমন অভিযোগে ৪ জনকে ধরে নিয়ে যান বাসন থানার এসআই নুরুল ও মাহবুব। এরপরে ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। পরে পুলিশ রবিউলের কাছে ৫ লাখ টাকা দাবি করে। এই টাকা দিলে তাকে ছেড়ে দেওয়ার কথাও বলে। একপর্যায়ে পরিবার ২ লাখ টাকা দিতে রাজি হলেও ছেড়ে দেয়নি। মঙ্গলবার রাতে পুলিশ বাসায় এসে ছেড়ে দেবেন বলে তার স্ত্রীর কাছে সাদা কাগজে সই নেয়। এরপর ২০ মিনিট পর পুলিশ ফোন দিয়ে জানায়, রবিউলকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে ঢাকা মেডিক্যোলে ভর্তি আছে। এরপর পরিবার হাসপাতালে গেলে জানতে পারে রবিউল মারা গেছেন।
এ ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকা অবরোধ করে ভাঙচুর করে। এসময় পুলিশবক্সও ভাঙচুর করে। একই সঙ্গে তারা পুলিশের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

অনলাইন ডেস্ক