শিক্ষানগরী সৈয়দপুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি
নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলি বেগম, সাবর্ডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল, সদস্য শাহীন ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষানগরী সৈয়দপুরের এডমিন আহসান হাবিব জনি। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নতুন স্বেচ্ছাসেবকদের বরণ করে নেয়া হয়।
পরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষানগরী সৈয়দপুরের স্বেচ্ছাসেবক রাজু ইসলাম, নাজমুল হাসান, সাদিকুল ইসলাম, মনির, শাহীন, ইয়াসিন, রনি সরকার প্রমুখ।
এর আগে সকালে শিক্ষানগরী সৈয়দপুরের স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় ল্যাবজোন ডায়গনস্টিক সেন্টারের সহযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।
প্রসঙ্গত, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে গত ২০১৫ সালের ২১ ই আগস্ট যাত্রা শুরু হয় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের। যাত্রার শুরু থেকে সংগঠনটির ব্যানারে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সবের মধ্যে সাময়িকী প্রকাশনা, দেয়াল পত্রিকা প্রদর্শন, উদীয়মান খেলোয়াড়দের সংবর্ধনা, সম্মুখ সারিরযোদ্ধাদের সম্মাননা প্রদান, ঈদ সামগ্রী বিতরণ উল্লেখযোগ্য। এর বাইরেও সারাবছর শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে অনলাইন ও অফলাইনে গল্প লেখা, চিত্রাঙ্কন, ইসলামিক গজল, মোবাইল ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: