চট্টগ্রামের জামায়াত নেতা হেলালী গ্রেফতার
চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হেলালীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৩৯টি নাশকতার মামলা রয়েছে বলে ডিবি পুলিশ জানায়।
শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা।
মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) উপকমিশনার (ডিসি) আলী হোসেন বার্তা২৪.কম-কে বলেন, জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি। ওই দিনের ভিডিও ফুটেজে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া তিনি গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
দীর্ঘদিন ধরে তিনি আমাদের নজরদারিতে ছিলেন। সোমবার তার অবস্থান নিশ্চিত হওয়ার পর একটি চৌকষ টিম তাকে বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে গ্রেফতার করেছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

অনলাইন ডেস্ক