সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে শিশু নিহত
নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চাপা পড়ে দিপু চন্দ্র (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ারবাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালককে স্থানীয়রা আটক করলেও পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র। ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার তাদের বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে গরু- ছাগল বাঁধা ছিল। দিপু বাবার সব গরু-ছাগল দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার চালক শিশু দিপুকে রাস্তা পার হতে দেখে আকস্মিক ব্রেক করার চেষ্টা করেন। এ সময় ব্যাটারিচালিত ওপর পড়ে। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। এ সময় আশেপাশে থাকা লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু এ সময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে দিপুকে মৃত্যু ঘোষণা করেন।
সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাজমুল হুদা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: