অস্ট্রিয়ায় করোনার বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের প্রায় সব দেশই বিভিন্ন সময়ে বিধিনিষেধ জারি করেছে। একই পথে হেঁটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়াও।
তবে দেশটিতে জারি এই বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে জনগণ।
দেশটির রাজধানী ভিয়েনায় বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। টিকা বাধ্যতামূলক করা এবং যারা টিকা নেয়নি, তাদের ঘরে থাকার নিয়ম জারির বিরুদ্ধে এ বিক্ষোভ হয়।
গত সপ্তাহে সেখানে বিক্ষোভে প্রায় ৪৪ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল ঘিরে প্রায় ১ হাজার ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল।
পুলিশ জানিয়েছে, আগুন জ্বালানো ও মাস্ক পরতে রাজি না হওয়ায় তিনজনকে আটক করা হয়েছে। দেশটির রক্ষণশীল ফ্রিডম পার্টির নেতা হার্বাট কিকলের ডাকে জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়াই প্রথম দেশ, যারা গত মাসে লকডাউন আরোপ করে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে দেশটিতে টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক