ইউক্রেনে হতাহত সাড়ে তিন হাজার বেসামরিক মানুষ: জাতিসংঘ
গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এরই মধ্যে আজ সোমবার (৪ এপ্রিল) রুশ বাহিনীর এই অভিযান ৪০তম দিনে গড়িয়েছে। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়ে রুশ সেনারা। তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায়। অবশেষে সেখান থেকে পিছু হঁটে রুশ বাহিনী।
এদিকে, রাশিয়ার এই অভিযানে এখন পর্যন্ত তিন হাজার ৪৫৫ জন বেসামরিক মানুষ হতাহতের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়।
হতাহতের তালিকায় এক হাজার ৪০০ এর বেশি নিহত এবং দুই হাজারের বেশি আহত রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের এই সংখ্যা রক্ষণশীল অনুমান বলে দাবি করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট ওই কার্যালয়। তবে সংস্থাটির বিশ্বাস, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া যাচ্ছে পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক এবং লুহানস্ক থেকে, যেখানে রাশিয়া স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্রের জন্য ইউক্রেনের সাথে যুদ্ধ করছে।
সূত্র: বিবিসি

অনলাইন ডেস্ক