জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
স্বজনকে শেষ বিদায় জানাতে গির্জায় জড়ো হয়েছিলেন অনেকে। এরই মধ্যে হঠাৎ গুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জর্ডানের একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানী আম্মানের প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে কারাক শহরের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় এ হামলার ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।হামলায় আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী ইব্রাহিম আল-বুদুর।জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পিস্তল হাতে দুজন বন্দুকধারী গির্জার দিকে এগিয়ে গুলি চালাচ্ছেন।
এরপর আধা স্বয়ংক্রিয় রাইফেল হাতে আরেকজন সেখানে এসে গুলি চালান। পরে তিনজনই গির্জার দিকে দৌড়ে যান।এদিকে, প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে গির্জার মেঝেতে ভাঙা কাচ ও রক্তের দাগ দেখা গেছে। হামলার সময় গির্জার ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গির্জায় উপস্থিত দোরঘাম হালাসা জানান, শেষকৃত্যের আয়োজন শুরুর প্রায় ১৫ মিনিট পর হঠাৎ তীব্র গুলির শব্দ শোনা যায়। এরপর আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করেন। তিনি নিজে হামলাকারীদের দেখতে পাননি।তবে, অন্যদের কাছ থেকে চারজন হামলাকারী থাকার কথা শুনেছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) অবশ্য হামলাকারীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।এদিকে, হামলার ঘটনায় জর্ডানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ হামলা চালিয়েছেন। ঘটনার তদন্ত চলছে। তবে, হামলাকারীদের কেউ আটক হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি দায়ীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।একই সঙ্গে, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।অন্যদিকে, প্রধানমন্ত্রী জাফর হাসান বলেন, সন্ত্রাসী মতাদর্শ ও উগ্রপন্থা থেকে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের শাস্তি দেওয়া হবে।পাশাপাশি উগ্রপন্থা ছড়ানোর চেষ্টাকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।এছাড়া এ ঘটনার নিন্দা জানিয়েছে লেবানন, সিরিয়া, মিশর ও ওমান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হামলার নিন্দা জানিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সূত্র: এপি

অনলাইন ডেস্ক