চীন-পাকিস্তান থেকে এলো ২২৬ টন পেঁয়াজ
বাজার নিয়ন্ত্রণে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানিতে জোর দিচ্ছে সরকার। গতকাল সোমবার চীন ও পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। তুরস্ক ও নেদারল্যান্ডস থেকেও পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার পেঁয়াজের বাজারে নজরদারিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।
দেশের বিভিন্ন জেলার বাজারে গতকালও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হবিগঞ্জে গতকাল জেলা প্রশাসন জনপ্রতি এক কেজি করে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেয় ব্যবসায়ীদের। প্রশাসন ১২৫ টাকা কেজি দরে পেঁয়াজের দামও নির্ধারণ করে।
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ কালের কণ্ঠকে বলেন, বিকল্প দেশ থেকে পেঁয়াজ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে পাকিস্তান থেকে খুব দ্রুত পেঁয়াজ আমদানি করা হবে। সাশ্রয়ী দামে ভোক্তাদের এই পেঁয়াজ দেওয়া হবে। একই সঙ্গে তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আনার চেষ্টা চলছে।
বাণিজ্যসচিব বলেন, দেশে পেঁয়াজের সংকট নেই। অতিরিক্ত উৎপাদন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়, ৫২ হাজার টনের এলসি খোলা আছে। সেই পেঁয়াজ দেশে আনা নিশ্চিত করতে বলা হয়।

অনলাইন ডেস্ক